ফেসবুকে যে ফিচার বন্ধ হচ্ছে
তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এই মেট্রিকের পরিবর্তে কনটেন্ট কতটি অ্যাকাউন্ট দেখেছে,তা বোঝার প্রধান মেট্রিক হিসেবে ‘ভিউয়ারস’ ব্যবহার করা হবে।
ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। এত দিন কোনো কনটেন্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে তা বোঝার জন্য ‘রিচ’ মেট্রিক ব্যবহার করা হতো। নির্দিষ্ট সময়ের মধ্যে কতটি পৃথক অ্যাকাউন্ট কনটেন্টটি দেখেছে,সেই হিসাবও এই মেট্রিকের মাধ্যমে পাওয়া যেত। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ আর পাওয়া যাবে না।
এর পরিবর্তে ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে ফেসবুকে প্রকাশিত কনটেন্টের দর্শকসংখ্যা বোঝা যাবে। ছবি, ভিডিও ও রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণে এই মেট্রিক ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
এ পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনা, ডিজিটাল বিপণন এবং কনটেন্ট বিশ্লেষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিসংখ্যান পর্যবেক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। এত দিন ‘রিচ’ ব্যবহার করে বিভিন্ন পোস্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে তা পরিমাপ করা হতো। নতুন ব্যবস্থায় কনটেন্টের দর্শকসংখ্যা বোঝার জন্য ‘ভিউয়ারস’ মেট্রিকের ওপর গুরুত্ব দিতে হবে।
তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক কি না তা স্পষ্ট না হলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্য সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। এ কারণে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো প্রতিবেদন সংরক্ষণ করা এবং নতুন মেট্রিকের হিসাবের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।
এ পরিবর্তন সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে প্রকাশিত কনটেন্ট কত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কতটি অ্যাকাউন্ট তা দেখছে এসব তথ্যের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188087