অতিথি তালিকায় না থাকায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা
জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সেখানে কেন যাননি সেই প্রশ্নের উত্তর দিলেন জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনুষ্ঠানের দাওয়াতপত্রে সরকারের সব অতিথির নাম থাকলেও মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম সেখানে ছিল না। তিনি সেখানে কি হিসেবে উপস্থিত হবেন সেটাও উল্লেখ ছিল না। তিনি প্রশ্ন রাখেন তাহলে কি তিনি দর্শক সারিতে বসবেন?
এর আগে উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যাদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে তাদের থাকা উচিত ছিল। প্রধানমন্ত্রী বলেন, বিরোধিতা করার জন্যই বিরোধিতা করলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংসদে বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবে, তবে সেই বিরোধিতা হতে হবে গঠনমূলক। পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে থেকে গেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন এবং আধুনিকায়ন করা ওসমানী উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188051