বগুড়ার কাহালুতে অজ্ঞাত ভারী যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে অজ্ঞাতনামা ভারী যানের ধাক্কায় মো. ফেরদৌস (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ ছাতিয়ান গ্রামের মো. আক্তারের ছেলে। তিনি ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন।
জানা গেছে, ঘটনার দিন ফেরদৌস ঢাকা থেকে নিজের কালো রঙের ১৫০ সিসির জিপি ওয়ান মোটরসাইকেল (বগুড়া-ল-১৪-৩১৮২) চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দরগাহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ভারী যান তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, কাহালু থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাহালু থানায় কোনো মামলা হয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188037