বগুড়া সিটি কর্পোরেশনে ৪৩টি প্যাকেজে প্রায় ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প
স্টাফ রিপোর্টার: বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সার্বিক অবকাঠামো উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নগরীর ২১টি ওয়ার্ডে সড়ক পুননির্মান, সিসি ও বিএফএস রোড, আরসিসি ড্রেন এবং সীমানা প্রাচীর নির্মাণসহ সর্বমোট ২০ কোটি টাকার ৪৩টি উন্নয়ন প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ই-টেন্ডারের মাধ্যমে উন্মুক্ত লটারির ভিত্তিতে এসব কাজের কার্যাদেশ ও ঠিকাদার চূড়ান্ত করা হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, ই-টেন্ডারের মাধ্যমে গত ২০ সেপ্টেম্বর লটারি কার্যক্রম সম্পন্ন হয়। প্রকল্পের মোট অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ২০ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯৭ টাকা হলেও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট অনুমোদিত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৩২ টাকা ১৫ পয়সা।
অনুমোদিত ৪৩টি প্যাকেজের মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হলো- ১ নং ওয়ার্ডে ৪৯ লাখ ৮৯ হাজার ৬৪৭ টাকা ব্যয়ে হাকিড়মোড় হতে আলোর মেলা স্কুল হয়ে বিসি রোড সংস্কার (১,০৭১ মিটার) এবং ৫০ লাখ ৩৪ হাজার ৯৫ টাকা ২৫ পয়সা ব্যয়ে আতাপাড়া পূর্বপাড়া ড্রেন ও সিসি রোড নির্মাণ।
২ নং ওয়ার্ডে ২৭ লাখ ৯১ হাজার ৮১৩ টাকা ৪৫ পয়সা ব্যয়ে ভাণ্ডারী হাইস্কুল হতে চুন্নুর বাড়ি পর্যন্ত বিসি রোড সংস্কার (৫৯৩ মিটার) এবং ৫১ লাখ ৯৩ হাজার ২৪৮ টাকা ১৫ পয়সা ব্যয়ে ভাণ্ডারী বালিকা উচ্চবিদ্যালয় হতে বাইতুল জামে মসজিদ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ (৪৩৩ মিটার)।
৩ নং ওয়ার্ডে ৪৬ লাখ ৮১ হাজার ৯৩৬ টাকা ৩০ পয়সা ব্যয়ে বড়গোলা শতাব্দী ফিলিং স্টেশন হতে দত্তবাড়ি রোড পর্যন্ত আরসিসি রোড (২৮৮ মিটার) এবং ২০ লাখ ৯ হাজার ৯৬ টাকা ২৫ পয়সা ব্যয়ে শিববাটি ব্রিজ হতে বাইতুন-নুর মসজিদ পর্যন্ত বিএফএস রোড (৪০ মিটার) নির্মাণ।
৪ নং ওয়ার্ডে জহুরুলনগর, চকসূত্রাপুর, কামারগাড়ী ও প্রস্তাবিত নগর হাসপাতাল এলাকায় বিভিন্ন প্যাকেজে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন। এর মধ্যে লাইটহাউস হতে মদিনা মসজিদ পর্যন্ত আরসিসি ড্রেন (৩০০ মিটার) নির্মাণে ৫৭ লাখ ৫৮ হাজার ৪১৬ টাকা ৪৫ পয়সা এবং জহুরুলনগর এলাকায় বিভিন্ন আরসিসি ও সিসি রোড নির্মাণে পৃথক বরাদ্দ দেওয়া হয়েছে।
৫ নং ওয়ার্ডে: ৩২ লাখ ৯০ হাজার ৮১৪ টাকা ২৫ পয়সা ব্যয়ে সাতমাথা হতে গালাপট্টি মোড় পর্যন্ত আরসিসি রোড সংস্কার ও নির্মাণ (২১৮ মিটার)। ৬ নং ওয়ার্ডে ৭০ লাখ ৮২ হাজার ৮৫ টাকা ৮০ পয়সা ব্যয়ে চেলোপাড়া নাইট স্কুল ও লিটন মনসনের বাড়ি এলাকায় আরসিসি রোড ও ড্রেন নির্মাণ। এছাড়া ডা. নাফিস হাউস ও বাসন্তী গ্যারেজ রোড এলাকায় উন্নয়ন কাজ অনুমোদিত হয়েছে।
৭, ৮, ৯ ও ১০ নং ওয়ার্ডে তেতুল তলা মোড়, কারমাইকেল রোড, ডাবতলা মোড়, রেড চিলিস হতে রায় বাহাদুর রোড, কানচাগাড়ী চৌধুরী লেন এবং খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় আরসিসি রোড, ড্রেন ও সারফেস ট্রিটমেন্টের কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কারমাইকেল রোড হতে ডাবতলা মোড় পর্যন্ত আরসিসি রোড নির্মাণে বরাদ্দ ৪৩ লাখ ১১ হাজার ৮১৫ টাকা ৩৫ পয়সা।
১১ ও ১২ নং ওয়ার্ডে মালতিনগর আমান বিল্ডিং, দিনা স্টোর, এমএস ক্লাব মাঠ, ঠনঠনিয়া গোয়ালপাড়া ও পেস্তা হাউস সংলগ্ন সড়কে আরসিসি রোড ও ড্রেন নির্মাণ। এমএস ক্লাব মাঠ হতে ঠনঠনিয়া বাইপাস সড়কের কাজে বরাদ্দ ৭৪ লাখ ৫৩,৭৬৩ টাকা ৬৫ পয়সা এবং গোহাইল রোড সংলগ্ন ঠনঠনিয়া পশ্চিমপাড়ায় ৭৭ লাখ ৫৭,০৯৩ টাকা ৭৫ পয়সা ব্যয়ে সংস্কার কাজ অনুষ্ঠিত হবে।
১৩ নং ওয়ার্ডে আরএইচডি রোড হতে কানপাড়া জামে মসজিদ পর্যন্ত আরসিসি রোড (১৯ লাখ ৭৯,৩১০ টাকা ৭৫ পয়সা) এবং বেতগারী আল আকসা মসজিদ এলাকায় ৪৯ লাখ ৩৯,৬৯৬ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ।
১৫ নং ওয়ার্ডে পুরাণবগুড়া মেহেরুন্নেছা হতে বটতলা মোড় হয়ে হাইওয়ে রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণে ৭৩ লাখ ৭৩,৪৪৯ টাকা ৭০ পয়সা এবং উত্তর গোদারপাড়া ও গোদারপাড়া বাজার এলাকায় বিএফএস ও সিসি রোড নির্মাণে একাধিক প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে।
১৬ নং ওয়ার্ডে ফকির উদ্দিন স্কুল হতে লতিফ হাউস পর্যন্ত আরসিসি ড্রেন (৩০ লাখ ৮৭,১২৪ টাকা ৭৫ পয়সা) ও বিসি রোড সংস্কারে ৮২ লাখ ৪,৯৮৬ টাকা ৬০ পয়সা এবং নিশিন্দারা উত্তরপাড়া হতে ১ম বাইপাস পর্যন্ত বিসিরোড নির্মাণে ৮৭ লাখ ৯,৯১৭ টাকা ৩০ পয়সা বরাদ্দ দেওয়া হয়েছে।
১৭ ও ১৮ নং ওয়ার্ডে নওয়াদাপাড়া, কূমিড়া রোড, ঝোপগাড়ী, ফুলবাড়ী উত্তরপাড়া ও নয়ানদীর ঘাট এলাকায় রাস্তা ও ড্রেনেজ উন্নয়ন। ঝোপগাড়ী বড় কূমিড়া রোড ১ম বাইপাস হতে বিসি রোড পুননির্মানে (৫৮৭ মিটার) ৬২ লাখ ৯৫,৮২৫ টাকা ৭৫ পয়সা এবং ফুলবাড়ী এলাকাভিত্তিক আরসিসি ড্রেনে ৬৯ লাখ ৯৫,৫৮৭ টাকা ২০ পয়সা ব্যয় করা হবে।
১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের বুজরুকবাড়িয়া বাইতুল করিম মসজিদ হতে ভাটকান্দি তিনমাথা পর্যন্ত বিএফএস রোড ও ড্রেন নির্মাণে ৯১ লাখ ৫৫,০১৩ টাকা ১০ পয়সা, ভাটকান্দি এক্স-ড্রেন হতে করতোয়া নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণে ৮৯ লাখ ৩৮,৮০৬ টাকা ৫০ পয়সা এবং ভাটকান্দি পশ্চিমপাড়া এলাকায় ৮৬ লাখ ১৯,০৩৩ টাকা ১০ পয়সা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
এছাড়া ফুলবাড়ী, শিল্পকলা, হাড্ডিপট্টি ও বাদুরতলা গার্লস স্কুলে আরসিসি র্যাম্প ও বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ এবং ৭ নং ওয়ার্ডে পার্কিং স্ট্রাকচার ও সিটিং স্থান নির্মাণের জন্য বিশেষ প্যাকেজ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব ওয়ার্ডের সড়কগুলো অবহেলিত থাকায় এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হতো। এসব সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ সম্পন্ন হলে টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে।
সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়েছে, লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। ঠিকাদারদের দ্রুত কাজ শুরু করার এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কাজের মানে কোনো ধরনের অনিয়ম বা আপস করা হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188013