নাটোরের লালপুরে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি : খালা বাড়ি বেড়াতে এসে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মানদীতে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম তামিম হোসেন (১২)। সে উপজেলার বিরোপাড়া গ্রামের মিঠুন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে শিশু তামিম তার মায়ের সাথে বিলমাড়িয়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার খালার বাড়ির বিলমাড়িয়া বাজারস্থ পদ্মানদীর ঘাটে গোসল করতে যায়।
এসময় ঘাট থেকে তামিম নদীতে লাফ দিয়ে তলিয়ে যায়। পরে উপস্থিত লোকজন তামিমকে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে তামিমকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করে।
লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188010