বগুড়ায় ৪ চানাচুর কারখানা ও ১ তেল মিলকে বিএসটিআই লাইসেন্সের আল্টিমেটাম

বগুড়ায় ৪ চানাচুর কারখানা ও ১ তেল মিলকে বিএসটিআই লাইসেন্সের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার : বগুড়ায় চানাচুর ও খাদ্যপণ্য উৎপাদনকারী বিভিন্ন কারখানায় বিশেষ মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। আজ সোমবার (১৯ অক্টোবর) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে জেলার বিভিন্ন চানাচুর কারখানায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মান নিয়ন্ত্রণ সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের আবেদন জমা দিতে ৭ কর্মদিবসের আল্টিমেটাম দেওয়া হয়েছে। বিএসটিআই সূত্র জানায়, আজ সোমবার (১৯ অক্টোবর) পরিচালিত মনিটরিং অভিযানে সদরের বানদিঘী এলাকার মোট ৫টি প্রতিষ্ঠানকে বিএসটিআই কর্তৃক গুণগত মান পরীক্ষা শেষে অনুমোদন/সনদ গ্রহণ সাপেক্ষে পণ্য বিক্রয় ও বিতরণ করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

এরমধ্যে রয়েছে, বানদিঘীর মাহী চানাচুর, সাভার ফুড প্রোডাক্টস এর রকেট চানাচুর, রুচি ফুড প্রোডাক্টস, শাহিনূর চানাচুর এর গোলাপ ঝুড়ি এবং রুমা অয়েল মিল এর পণ্য সরিষার তেল। বিএসটিআই-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে তাদের কারখানার সার্বিক পরিবেশ সংস্কার ও আধুনিকায়নের প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে।

সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সহকারী পরিচালক (সিএম) মো: দেলোয়ার হোসেন এবং ফিল্ড অফিসার (সিএম) মো: শাহানূর হোসেন খান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187998