পোলাওয়ের সঙ্গে জমে যাবে ঝাল-মিষ্টি চিংড়ির রেজালা

পোলাওয়ের সঙ্গে জমে যাবে ঝাল-মিষ্টি চিংড়ির রেজালা

লাইফস্টাইল ডেস্ক : দুর্গাপুজো মানেই ভালমন্দ খাওয়াদাওয়া। তবে রেস্তরাঁর লম্বা লাইনে দাঁড়িয়ে ভূরিভোজ সারতে অনেকেই পছন্দ করেন না। তাই পুজোর সময়ে বাড়িতেই চলে রান্নাবান্নার পর্ব। তবে পুজোর ক’দিন হেঁশেলে খুব বেশি সময় মোটেও নষ্ট করা যাবে না। চটজলদি বানিয়ে ফেলা যায়, এমন রান্নার খোঁজ করলে বানিয়ে ফেলুন চিংড়ির রেজ়ালা! মালাইকারির থেকে স্বাদ একেবারে আলাদা। মিষ্টি মিষ্টি পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে চিংড়ির রেজ়ালা খেতে লাগবে বেশ। আর সময় লাগবে মাত্র ১৫ মিনিট।

প্রণালী:

প্রথমে চিংড়িমাছগুলিকে নুন মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। সেদ্ধ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, খোসা ছাড়ানো ভেজানো কাঠবাদাম আর পোস্ত খুব মিহি করে মিক্সিতে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। মিশ্রণে মিশিয়ে দিন ফেটানো টক দই, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো আর স্বাদমতো নুন-চিনি। কড়াইয়ে গোটা গরমমশলা ফোড়ন দিন। বানিয়ে রাখা বাটামশলার মিশ্রণ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মিশ্রণ থেকে তেল ছেড়ে এলে অল্প গরম জল আর মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। অন্য একটি ছোট কড়াইয়ে ঘি গরম করে তাতে শুকনোলঙ্কা, মাখানা আর রিং করে কেটে রাখা পেঁয়াজ হালকা করে ভেজে নিন। মিশ্রণটি দিয়ে দিন চিংড়ির ঝোলে। শেষে কেওড়াজল আর গোলাপজল দিয়ে মিনিট দুয়েক ঢেকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ির রেজ়ালা। বাঙালি কায়দায় তৈরি ফ্রায়েড রাইস হোক বা বাসন্তী পোলাও, চিংড়ির রেজ়ালার সঙ্গে জমবে দারুণ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187996