লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক মারাত্মক সংকটের মুখোমুখি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিসকক্ষে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এমন মন্তব্য করেন।
বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের সার্বিক দিক এবং বাস্তুচ্যুত জনগণের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মিয়ানমার নাগরিককে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক মারাত্মক সংকটের মুখোমুখি রয়েছে। তিনি এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ দূত জুলি বিশপ বর্তমান সংঘাতময় পরিস্থিতির কথা তুলে ধরে জানান যে, সংঘাত বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনীতি অব্যাহত রেখেছেন।
বৈঠকে সীমান্ত অঞ্চলে ল্যান্ডমাইনের আধিক্য, মানব ও মাদকপাচার এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187989