ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের আসন্ন সংসদ নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ‘পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর প্রশংসা করেন তিনি। ট্রাম্প লেখেন, ‘বিবি নেতানিয়াহু কখনোই আপনাদের হতাশ করবেন না।’ নেতানিয়াহুকে ‘শক্তিশালী, সাহসী ও মেধাবী’ নেতা হিসেবেও অভিহিত করেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করে তাকে নির্বাচনে সমর্থন দেয়ার ঘোষণা দেন ট্রাম্প। খবর : আল জাজিরা।
নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের এই সমর্থন এল এমন এক সময়ে, যখন ইসরায়েলের নির্বাচনে তার দল লিকুদ পার্টি ও উগ্র ডানপন্থি জোটের জয় নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। এর আগে চলতি মাসে টাইম সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে তাকে সমর্থন দেয়ার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। এতে মার্কিন প্রেসিডেন্টের সমর্থন পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
তবে রোববার অ্যাক্সিওসকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত তার আগে থেকেই ছিল। শুধু খুব তাড়াতাড়ি তা প্রকাশ করতে চাননি তিনি। ট্রাম্পের ভাষায়, ‘ইসরায়েলের এমন একজন নেতা থাকা গুরুত্বপূর্ণ, যার ওপর তারা নির্ভর করতে পারে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187933