জয়পুরহাটে যাত্রীসেজে অটোভ্যান চালককে হত্যা, মূল আসামিসহ গ্রেফতার- ৪

জয়পুরহাটে যাত্রীসেজে অটোভ্যান চালককে হত্যা, মূল আসামিসহ গ্রেফতার- ৪

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে যাত্রীসেজে অটোভ্যান ভাড়া করার পর চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল। গ্রেফতারকৃতরা হলো-হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০) এবং তার সহযোগী আনোয়োর হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে চালক শাখাওয়াত হোসেনের অটোভ্যানটি ভাড়া নেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা ব্রিজের কাছে একটি নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় সজোরে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন।

পরে ভিকটিমের রক্তের দাগ মুছে দেওয়া গামছা ও ব্যবহৃত শাবলটি ব্রিজের নিচে ফেলে ভ্যান নিয়ে সটকে পড়ে। চক্রের অপর সদস্য আনোয়ারের সহায়তায় ছিনতাইকৃত ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে ডিবি। পরে আসামিদের দেওয়াা তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকান্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির নগদ আড়াই হাাজর টাকা উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা ডিবির ওসি রাজু কামাল জানান, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187891