চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে রহনপুরের অপরাধের স্বর্গরাজ্য বলে খ্যাত রেলস্টেশন সংলগ্ন কেডিসিপাড়া (শান্তিপাড়া) উচ্ছেদের দাবিতে আন্দোলন জোরদার করেছে স্থানীয়রা।

দীর্ঘ প্রায় ৪০ বছর পূর্বে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এ বস্তিতে দীর্ঘদিন মাদক ও অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এ বস্তি উচ্ছেদের দাবিতে এলাকার বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়িক ও পরিবহণ শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন সোচ্চার হয়েছে।

এ দাবিতে গত মঙ্গলবার বিকেলে রহনপুর রেলস্টেশন সংলগ্ন আমবাজার চত্বরে এক জনসভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহণ শ্রমিক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, রহনপুর রেলবন্দরের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছি। রহনপুর রেলস্টেশনের চারপাশে রেলওয়ের শতশত বিঘা জমি অবৈধ দখলে রয়েছে।

যা অপসারণ করে রেলবন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ওই বস্তিতে অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে।

সম্প্রতি ইউএনওর গাড়িতে হামলা ও ব্যবসায়ীদের মারধরের ঘটনায় থানায় দু’টি  মামলা হয়েছে। ওই মামলা দু’টিতে এখন পর্যন্ত ১১জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরও বলেন, বস্তি উচ্ছেদের বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। তারা যখন প্রয়োজন মনে করবে, তখন এ বিষয়ে পদক্ষেপ নেবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187882