ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান চলাকালে বিদেশি পিস্তল ও মাদক ফেলে এক ব্যক্তির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করে বিজিবি।
আজ রোববার (১৮ অক্টোবর) ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপি সংলগ্ন পাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিওপির হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৫৪/২-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় শূন্যলাইন থেকে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে সন্দেহভাজন চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি। ধাওয়া খেয়ে ব্যাগ ফেলে রেখে শূন্যরেখা পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় ওই ব্যক্তি।
পরে ব্যাগে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার অবৈধ অস্ত্র, গুলি ও মাদক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187872