সরাইল রিজয়নে ১০ মাসে মাদকসহ ৯৫৭ কোটি টাকার চোরাইপণ্য জব্দ, আটক ৩৩৩
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন গত ১০ মাসে ৯৫৭ কোটি ১৩ লাখ সমমূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে। মাদকবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩৩৩ জনকে।
আজ রবিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়।
একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫টি ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৬ হাজার ৮৮০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০টি বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া ২১০ লিটার চোলাই মদও জব্দ করা হয়।
এসব অভিযানে আটক ৩৩৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
এ ক্ষেত্রে সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ বিজিবি টহলদল, ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফেনী ৪ বিজিবির সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, সুবেদার মেজর সিরাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187846