পান্থ কানাই ও অনিমেষের সঙ্গে মিঠুনের নতুন গান ‘শিবশম্ভু’

পান্থ কানাই ও অনিমেষের সঙ্গে মিঠুনের নতুন গান ‘শিবশম্ভু’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই ও অনিমেষ রায়কে নিয়ে ‘শিবশম্ভু’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন সুরকার, সংগীত পরিচালক ও গায়ক মিঠুন চক্র। গানটিতে এই দুই শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিঠুন নিজেও। গানটির কথা, সুর ও সংগীতায়োজন তাঁরই করা। প্রকাশের পর গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগে ‘নাসেক নাসেক’ গানের মাধ্যমে শ্রোতাদের নজর কেড়েছিলেন পান্থ কানাই ও অনিমেষ রায়। পরবর্তী সময়ে তাঁদের যৌথ পরিবেশনাও প্রশংসিত হয়। এবার মিঠুন চক্রের সংগীতায়োজনে ‘শিবশম্ভু’ গানে আবারও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তাঁরা।

গানটি প্রসঙ্গে মিঠুন চক্র বলেন, ‘শিবশম্ভু গানটি আমার খুব কাছের। শিব শব্দের দার্শনিক অর্থ হচ্ছে যাহা কিছু নহে। শম্ভু মানে নিজে থেকে যার নিজের উৎপত্তি। সেই ঈশ্বরকে উৎসর্গ করে গানটি তৈরি। এটি মূলত শ্রীবেদব্যাস রচিত একটি স্তোত্র থেকে অনুপ্রাণিত। তিনি বেদ রচনা করেছেন। এটি শুধু গান নয়, এটি একটি উপলব্ধি।’

পান্থ কানাই ও অনিমেষ রায়ের গায়কির প্রশংসা করে মিঠুন বলেন, ‘পান্থ কানাই দাদা ও অনিমেষ রায় খুব ভালো গেয়েছেন। তাঁদের অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ভিডিওটি খুব সুন্দর তৈরি হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

‘শিবশম্ভু’র মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এইচ এম সোহেল। এতে দেখা গেছে তিন শিল্পী—পান্থ কানাই, মিঠুন চক্র ও অনিমেষ রায়কে। মিঠুন চক্রের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

সুরকার, সংগীত পরিচালক ও গায়ক হিসেবে মিঠুন চক্র দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ। ২০১৬ সালে ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ গানটির মাধ্যমে শ্রোতাদের প্রশংসা পান তিনি। পরে ‘দেয়ালের দেশ’ সিনেমার ‘বিসর্জনের ব্যথা’ গানটির মাধ্যমেও শ্রোতাদের মন জয় করেন এই শিল্পী।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187844