নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিজিবি
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৪ প্লাটুনে ১২০জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। তিনি কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির, বড় হরিসভা পাড়া ও ঝুমঝুম পাড়াসহ কয়েকটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। সবাই যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187788