বগুড়ার শেরপুর-ধুনটে শুরু হচ্ছে ‘সাওতুল কুরআন ২০২৬’ আন্তঃমাদ্রাসা কিরাত প্রতিযোগিতা
পবিত্র কুরআনের শুদ্ধ তিলাওয়াতের চর্চা, মাদ্রাসাশিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করার লক্ষ্যে শেরপুর ও ধুনট উপজেলায় আয়োজন করা হচ্ছে ‘সাওতুল কুরআন ২০২৬’—শেরপুর ধুনট আন্তঃমাদ্রাসা কিরাত প্রতিযোগিতা। ‘কুরআনের আলোয় আলোকিত কণ্ঠ’ স্লোগানে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন আসিফ সিরাজ রব্বানী।
শেরপুর ও ধুনট উপজেলার কওমি, আলিয়া মাদ্রাসা এবং হিফজ বিভাগের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতাটি তিনটি ধাপে—প্রাথমিক বাছাইপব, ফাইনাল রাউন্ড এবং গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
আগামী ২০ অক্টোবর থেকে প্রাথমিক বাছাইপর্ব শুরু হবে। প্রতিটি মাদ্রাসা থেকে নির্বাচিত সেরা প্রতিযোগীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাছাই করা সেরা ১০ জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়ার সুযোগ পাবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপকে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। এ ছাড়া বিশেষ বিভাগে থাকছে— বেস্ট তাজবীদ অ্যাওয়ার্ড ১০ হাজার টাকা, বেস্ট ভয়েস অ্যাওয়ার্ড: ১০ হাজার টাকা এবং রাইজিং ক্বারী অ্যাওয়ার্ড: ১০ হাজার টাকা। প্রতিটি পুরস্কারের সঙ্গে থাকবে ক্রেস্ট ও মেডেল।
পাশাপাশি প্রাথমিক বাছাইপর্ব থেকে পরবর্তী রাউন্ডে উন্নীত প্রত্যেক প্রতিযোগীকে ২ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকবে সনদপত্র। ১০০ নম্বরে মূল্যায়ন, থাকবে স্বাধীন বিচারক প্যানেল।
প্রতিযোগীদের মূল্যায়নে মোট ১০০ নম্বরের একটি নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হবে। এর মধ্যে তাজবীদ ও মাখরাজে ৪০, তিলাওয়াতের শুদ্ধতা ও সাবলীলতায় ২৫, ওয়াকফ ও ইবতিদায় ১০, কণ্ঠের স্বচ্ছতা ও নিয়ন্ত্রণে ১০, তারতীল ও তিলাওয়াতের সৌন্দর্যে ১০ এবং মঞ্চ উপস্থাপনা ও আদবে ৫ নম্বর নির্ধারিত থাকবে।
শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি কওমি, আলিয়া মাদ্রাসা ও হিফজ বিভাগ থেকে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবে। প্রতিযোগীকে অবশ্যই শেরপুর অথবা ধুনট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ মাদ্রাসাপ্রধানের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন করতে হবে।
এ ছাড়া অনলাইনেও নিবন্ধনের সুযোগ রয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ১৯ অক্টোবর এবং প্রাথমিক বাছাইপর্ব শুরু হবে ২০ অক্টোবর। এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকবে দৈনিক করতোয়া।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187786