তুরস্কে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৪

তুরস্কে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৪

তুরস্কের অন্যতম বড় শহর ইস্তাম্বুলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই দুর্যোগকে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়া বন্যায় চারজনের প্রাণহানির তথ্যও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত ইস্তাম্বুলে গত ৪৮ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চেয়ে বেশি বলে জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু। অতিবৃষ্টির পরই সৃষ্টি হয় ভয়াবহ এই দুর্যোগের।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি বন্যা নিয়ে বলেছেন, আমরা জনগণকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে একইসঙ্গে আমরা ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যার মোকাবিলা করছি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ইস্তাম্বুলের সারিয়ার জেলার একটি ব্রিজের নিচে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিসহ চারজনের মৃত্যর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে একজ বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। সারিয়াতে আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইস্তাম্বুল জনসংখ্যার দিক দিয়ে তুরস্কের সবচেয়ে বড় শহর, যেখানে ১ কোটি ৬০ লাখ মানুষ বসবাস করে। বন্যার পানিতে শহরটির আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187679