গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিজিবি সেক্টর কমান্ডারের
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত ও শহরের পূজা মন্ডপগুলোতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
একইসাথে কোনো ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না জানিয়ে তিনি যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ রাখার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার একটি পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বহিঃপ্রকাশ। যুগ যুগ ধরে এই উৎসব হয়ে আসছে। আমরা সবসময় এই উৎসবকে আপন করে নিয়েছি এবং নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি।
এবারও বিজিবি সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, পূজার নিরাপত্তায় সীমান্ত ও শহরের পূজামন্ডপগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে। পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বিজিবি।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ঠাকুরগাঁও সেক্টরের অধীনে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় তিনটি ব্যাটালিয়ন এবং ৬২টি বর্ডার আউটপোস্ট (বিওপি) রয়েছে। এসব এলাকায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্ব পালন করছে। এসময় পূজা কমিটির সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি তুলে দেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187671