প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রংপুরে পূজামন্ডপ পরিদর্শনে আসছেন

প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রংপুরে পূজামন্ডপ পরিদর্শনে আসছেন

রংপুর জেলা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সফরসূচি অনুযায়ী ২০ অক্টোবর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। এরপর প্রধানমন্ত্রী রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা) উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

বেলা ১১টায় তিনি ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন। এরপর তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জরুরি সভা করেছে জেলা ও মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রংপুরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী রংপুরের একটি পূজা মন্ডপ পরিদর্শনের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় উৎসব দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চলে আসছেন। যা আমাদের নগরীকে আলোকিত করবে। এসময় তিনি প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা, মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187662