সিরাজগঞ্জে পৃথক মামলায় ২ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদকের পৃথক দু’টি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
গত বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন আলাদা শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখীয়া গ্রামের মর্তুজ আলী হালদারের ছেলে বাচ্চু হাওলাদার(৪২) এবং সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ২নং গলির শাহাদত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(৩২)।
মামলার সংক্ষিণপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১১ নভেম্বর তৎকালীন র্যাব-১২’র একটি দল সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি কভার্ডভ্যান থেকে ৩৩৫ বোতল ফেনসিডিলসহ বাচ্চু হাওলাদারকে গ্রেফতার করে। পরে বাচ্চুর বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। কিছুদিন পর জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যায় বাচ্চু।
অন্যদিে ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬৫ গ্রাম হেরোইন ও ১শ’ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে সে কারাগারে আছে।
সাক্ষ্য গ্রহণ শেষে আলাদা ঘোষণায় দুই আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত এবং অনাদায়ে তাদের আরও দুই মাস কারাবাসে থাকতে হবে বলে জানান এপিপি শামসুজ্জোহা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187631