‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন’, মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন অপূর্ব

‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন’, মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন অপূর্ব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জীবনে এখন অন্যরকম আনন্দ। অভিনয়জীবনের ব্যস্ততার বাইরে তাঁর পৃথিবীজুড়ে রয়েছে ছোট্ট রাজকন্যা আনায়া। মেয়ের প্রথম জন্মদিনে ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেতা। মেয়েকে ঘিরে গত এক বছরের অনুভূতি ভাগ করে নিয়ে জানিয়েছেন, তাঁর আগমনে বদলে গেছে জীবনের অনেক কিছু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়ের ছবি প্রকাশ করেন অপূর্ব। ছবিতে আনায়ার মাথায় দেখা যায় ছোট্ট একটি মুকুট। ছবির সঙ্গে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’

মেয়ের জন্মের পর থেকে কেমন কেটেছে তাঁর সময়, সেই অনুভূতিও তুলে ধরেছেন অভিনেতা। অপূর্ব লিখেছেন, ‘সময় কীভাবে চলে গেল, সত্যিই বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিলে।’

মেয়েকে বড় হতে দেখা, নতুন নতুন বিষয় আবিষ্কার করতে শেখা আর তাঁর হাসিতে ঘর ভরে ওঠার মুহূর্তগুলোকে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বলে উল্লেখ করেছেন অপূর্ব। মেয়ের মাথায় থাকা ছোট্ট মুকুটের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, জন্মের মুহূর্ত থেকেই আনায়া তাঁদের হৃদয়ের মুকুট পরে আছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187571