বগুড়ায় বাসে তল্লাশি করে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, কারবারি গ্রেফতার

বগুড়ায় বাসে তল্লাশি করে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ইয়াবার একটি বড় চালান আটক করা হয়েছে। ওই চালানে পাওয়া গেছে ১০হাজার ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাস যাত্রীবেশি মাদক কারবারি বিপ্লব ইসলাম (৩৬)কে। ডিএনসি বগুড়ার সদস্যরা গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এই অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে প্রেসব্রিফিংকালে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুরের নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে পঞ্চগড়গামী একটি বাস থামিয়ে (চট্র মেট্রো ব-১১-২১১৮) বাসের ইউ-এ-৪ নম্বর সিটে থাকা যাত্রীবেশী মাদক কারবারি মোঃ বিপ্লব ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তিমতে তার সিটের কাছে এসি নক কভারে তল্লাশিকালে দুই প্যাকেটে মোট ১০ হাজার ৬শ’ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সিমসহ একটি এ্যানড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপপরিচালক আরও জানান, গ্রেফতারকৃত আসামি বিপ্লবের বিরুদ্ধে আগের কোন মাদক দ্রব্য সংশ্লিস্ট মামলা না থাকলেও মাদক কারবারের সাথে তার সংশ্লিস্টতার তথ্য পাওয়া গেছে।  সে মূলত মাদক সরবরাহ চক্রের সদস্য। দীর্ঘ সময় ধরে বগুড়া রুটে এই চক্রটি মাদক সরবরাহ করে আসছিল, এমন তথ্য অধিদপ্তরের কাছে রয়েছে বলেও তিনি জানান। চক্রটিকে ধরতে অধিদপ্তরের কাছে থাকা তথ্য অনুযায়ী তাদের অনুসরণ করে আসছিল বগুড়া জেলা কার্যালয়। বগুড়া জেলার পাশ্ববর্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকের চালানটি হস্তান্তর করা হতো বলে গ্রেফতারকৃত বিপ্লব ইসলাম স্বীকার করেন। ধৃত বিপ্লব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বারইল এলাকার নুরুজ্জামানের ছেলে।

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187565