সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখিয়েছেন (শ্যোন অ্যারেস্ট) আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিয়মিত হাজিরা দিতে রাজবাড়ী আদালতে আনা হলে গোয়ালন্দ আমলী আদালতের বিচারক পুলিশের আবেদনের প্রেক্ষিতে তার শ্যোন অ্যারেস্ট মঞ্জুর করেন। এর আগে, গত বুধবার গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক হুমায়ুন রেজা তাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।

২০২৪ সালের ৪ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে এই গ্রেপ্তার দেখানো হয়।

কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা জানান, এজাহারভুক্ত আসামি হিসেবে কাজী কেরামত আলী প্রথমে গ্রেপ্তার হন। পরে উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। পরবর্তীতে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হলে সেই মামলাতেও তিনি জামিন পান। এরপর আবারও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল।

আইনজীবী আরও উল্লেখ করেন, বৃহস্পতিবার নিয়মিত হাজিরার দিন ধার্য ছিল। তবে এর আগের দিনই (বুধবার) পুলিশের পক্ষ থেকে নতুন আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন পেশ করা হয়। বৃহস্পতিবার আদালত তা মঞ্জুর করেন।

আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম জানান, ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকেই সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী কারাগারে রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187538