ভারতে নতুন কর্মসূচির ডাক অভিজিতের

ভারতে নতুন কর্মসূচির ডাক অভিজিতের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) ‘তেরঙ্গা’ মিছিলের ডাক দিয়েছেন। রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর এই কর্মসূচি হবে। তিনি গতকাল বুধবার বলেছেন, জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। শুক্রবারের কর্মসূচির পর তাকেও গ্রেপ্তার করা হতে পারে।

সিজেপির দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার এই মিছিলে অংশ নেওয়া অনিশ্চিত। কারণ, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে ঢুকে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর পর তাদের গ্রেপ্তার করা হয়। সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা নিরাপত্তাব্যবস্থা ভেঙে যন্তর মন্তরে ঢুকেছিলেন। পরে তাদের তিহার কারাগারে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অভিজিৎ বলেন, ‘আপনারা জানেন, যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর জন্য আশুতোষ ও সৌরভকে কারাগারে পাঠানো হয়েছে। তাই যারা দেশকে ভালোবাসেন, জাতীয় পতাকাকে ভালোবাসেন, তাদের সবাইকে ১৬ অক্টোবর বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আসার অনুরোধ জানাচ্ছি।’ 

কর্মসূচিতে ভারতের জাতীয় পতাকা নিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান অভিজিৎ। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় পতাকা ওড়াব। সবাইকে জানিয়ে দেব, এই পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা নিজ নিজ শহরে তেরঙ্গা মিছিলের আয়োজন করুন। এই স্বৈরাচারীদের জানিয়ে দিন, জাতীয় পতাকা আমাদের গর্ব। এই পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়।’

অভিজিৎ আরও বলেন, এই মিছিলের পর তাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতে পারে। তবে তাতে তিনি পিছিয়ে যাবেন না। তার ভাষায়, ‘আমার জাতীয় পতাকা আমার গর্ব। আমি এই কাজ করবই।’

পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে কর্মসূচি পালনের জন্য আয়োজকেরা অনুমতি চাননি। এ ধরনের কর্মসূচির জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এদিকে কর্মসূচিস্থলে ১৬৩ ধারার নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে সিজেপি এই কর্মসূচি করার অনুমতি পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187511