ঠাকুরগাঁওয়ে ৯৫৩ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার, গ্রেফতার ২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অভিনব কায়দায় বাঁশের ভেতরে লুকিয়ে রাখা ৯৫৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রুহিয়া থানার এসআই রাম বাবু রায় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কশালগাঁও (সেনপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা হলো- মোছা. লাভলী বেগম (২৩), মোছা. মুসিদা বেগম (৫৫)। এছাড়াও ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার কশালগাঁও (সেনপাড়া) গ্রামের মো. মোকসেদুল ইসলাম (৩১) নামে একজন পলাতক রয়েছে।
পুলিশ জানায়, আসামিদের টিনের ঘরের সাথে বাঁধানো একটি বাঁশের ভেতর থেকে ৯টি নীল রঙের জিপার ব্যাগের ভেতর থেকে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পলিথিনের ভেতরে থাকা ছোট-বড় পুটলি থেকে মোট ৮ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে রুহিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187468