বগুড়ায় দুর্নীতির মামলায় পরিবার পরিকল্পনা অফিস সহকারীর কারাদন্ড ও জরিমানা
কোর্ট রিপোর্টার : ২ লাখ ৫৬ হাজার ৩৪৪ টাকা ১৫ পয়সা আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতির মামলার রায়ে বগুড়া সদর পরিবার পরিকল্পনা অফিসের তৎকালীন পরিবার পরিকল্পনা সহকারী (হিসাব) দুলাল কুমার দেবকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।
অভিযুক্ত পলাতক আসামি দুলাল কুমার দেবকে টাকা আত্মসাতের দায়ে ১০ বছরের সশ্রম করাদন্ড ও ৫ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম করাদন্ডাদেশ এবং ডকুমেন্ট প্রমাণ নষ্টের দায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
ওই আসামির সাজা একটির পর অপরটির সাজা কার্যকর হবে। এই মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। দুলাল কুমার দেব আদমদিঘী উপজেলার মাতাপুরের দেবেন্দ্র নাথ দেবের ছেলে। বগুড়ার স্পেশাল জজ আয়েজ উদ্দিন গতকাল বুধবার এই মামলার রায় দেন।
উল্লেখ্য, দুলাল কুমার দেব বগুড়ার সাবেক থানা পরিবার পরিকল্পনা অফিসের পরিবার পরিকল্পনা সহকারী (হিসাব)হিসেবে কর্মরত থাকাকালে সদর থানার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ১৭ জন কর্মচারীর ১৯৯৯ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের বেতনের ২ লাখ ৫৬ হাজার ৩৪৪ টাকা ১৫ পয়সা উত্তোলন করে আত্মসাত করে।
এ ব্যাপারে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বগুড়ার দুর্নীতি দমন অফিসার মোহা. মনিরুল হক বাদি হয়ে বিগত ২০০১ সালের ২১ অক্টোবর বগুড়া সদর থানায় এই মামলা দয়ের করেন। দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক কামরুল আহসান মামলাটি তদন্ত শেষে বিগত ২০১২ সালের ৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে দুদক’র পিপি এড. গোলাম দস্তগীর শাওন এবং আসামি পক্ষে এড. আতাউর রহমান ও এড.আরিফুল ইসলাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187442