সংবাদ সম্মেলনে ওমর সানীর প্রশ্ন, ‘চলচ্চিত্রে এসে কি পাপ করেছি?’
বিনোদন ডেস্ক: স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করেছেন একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেতা। এ সময় পরিবারকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে।
পরিবার নিয়ে ভালো আছেন জানিয়ে ‘কুলি’খ্যাত এই অভিনেতা বলেন, ‘ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি।
পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে ওমর সানী আরও বলেন, ‘আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’
এ সময় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রচারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওমর সানী বলেন, ‘অন্য কেউ দেশের বাইরে থাকেন। এখন তো পরিবারের জন্য কিছু করার সময়! আমাদের নিয়ে এসব করে কত টাকা কামাবেন?’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী।
অভিনেতার ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি সত্য নয় বলে জানান এই অভিনেতা।
এদিকে, মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে আগেই কঠোর অবস্থানের কথা জানান ফারদিন। নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি পরিবারের বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন কনটেন্টের স্ক্রিনশটও শেয়ার করেন।
ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ফারদিনের সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন ওমর সানী। এবার সাংবাদিকদের সামনে এসে পরিবার নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেতা। একই সঙ্গে এসব মিথ্যা তথ্য প্রচার বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।