জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে সাকোয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজ সংলগ্ন চায়ের টং ঘরের পিছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকোয়াত আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, সাকোয়াত তার ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান চালাতেন। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে অটোভ্যান নিয়ে বের হন। কিন্তু রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে পথচারীরা উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে চা টংয়ের কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187419