প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকদের ওপর হামলা

প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকদের ওপর হামলা

কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্টার নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলামসহ তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে যুবদল নেতা মোজাক্কির হোসেন রাব্বির হস্তক্ষেপে ফোনগুলো ফেরত দেওয়া হয়।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে গড়াই নদের ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর নির্মাণস্থান পরিদর্শনে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর আগে তিনি রায়ডাঙ্গায় আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী গাড়িতে উঠতে গেলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। সাংবাদিকরা এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জেলা ছাত্রদলের কর্মীরা তাদের ওপর হামলা চালান এবং মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ রয়েছে।

পরে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাক্কির হোসেন রাব্বির হস্তক্ষেপে হামলার সঙ্গে জড়িত ছাত্রদলকর্মী মুন্না কেড়ে নেওয়া দুটি মোবাইল ফোন ফেরত দেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187408