মণ্ডপে সিসি ক্যামেরাসহ যেসব ব্যবস্থা রাখার নির্দেশনা দিলো পুলিশ

মণ্ডপে সিসি ক্যামেরাসহ যেসব ব্যবস্থা রাখার নির্দেশনা দিলো পুলিশ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য বিভিন্ন নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্যের সত্যতা যাচাই না করে তা লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।

পুলিশের পরামর্শে বলা হয়েছে, পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখতে হবে। মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন এবং মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থাও রাখতে হবে।

মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি তাদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড রাখার পরামর্শ দিয়েছে পুলিশ।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

পূজা উদযাপনের সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপে এবং বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। পাশাপাশি পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণের পরামর্শ

যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। এছাড়া স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে পুলিশ।

জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন

জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবার সহায়তা পেতে কয়েকটি নিয়ন্ত্রণকক্ষের নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুমের নম্বর ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নম্বর ০২২২৩৩৫৫৫০০ ও ০১৮১৭৬০২০৫০। ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বর ০২৯৬১১৩৫৩ ও ০১৭০৫৫০৫৫২৯। এসআরবি কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০৯। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের নম্বর ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯।

এছাড়া যে কোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ২৪ ঘণ্টা টোল ফ্রি ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে। জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187404