কুমিল্লা থেকে নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

কুমিল্লা থেকে নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ ছাত্রীদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে ‘নতুন জীবন শুরুর পরিকল্পনা করে’ তারা বাড়ি ছেড়েছিল।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আনিসুজ্জামান। উদ্ধার শিক্ষার্থীরা কুমিল্লার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে।

পুলিশ সুপার জানান, গত ১২ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তারা। তবে স্কুলে উপস্থিত হয়নি কেউই। বিকেলে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে পুলিশকে জানানো হয়। পরে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

তিনি জানান, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোর পর হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় চার ছাত্রীকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ব্যক্তিদের সঙ্গে নতুন জীবন শুরু এবং স্বাধীনভাবে চলার পরিকল্পনা থেকে চার শিক্ষার্থী বাড়ি ছাড়ে। এ জন্য তারা বাড়ি থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে বের হয়।

পুলিশ জানায়, শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিক্রি করা মোবাইল ফোন ও অন্যান্য আলামত উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। 

এ ঘটনায় অভিভাবকদের সন্তানদের অনলাইন কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187393