নোয়াখালীতে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

নোয়াখালীতে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

নোয়াখালীর সদর উপজেলায় চোর সন্দেহে মো. কবির হোসেন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- মো. আলাউদ্দিন মুন্সী (২৮), ফারুক উদ্দিন শুভ (২৪), মো. হোসেন (৩৪) ও মো. তারেক (২৩)।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সুধারাম থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনসহ মোট আটজনকে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় কবিরকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের একটি দোকানের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর এলাকার একটি ওয়ার্কশপ থেকে টাকা চুরির অভিযোগে কবিরকে আটক করা হয়। এরপর তাঁকে গাছের সঙ্গে বেঁধে দফায় দফায় মারধর করা হয় এবং বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁকে নোয়ান্নই ইউনিয়ন পরিষদে নেওয়ার কথা বলে মারধর করা হয়। পরে তাঁর মরদেহ নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে আজু মেম্বারের বাড়ির সামনের সড়কে ফেলে রেখে যায় অভিযুক্তরা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন যুবককে কবিরকে আহত অবস্থায় গাছের সঙ্গে বেঁধে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।

প্রেস ব্রিফিংয়ে এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা কমলা বেগম বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187384