হরমুজের দিকে এগোলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে : ইরান
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির দিকে এগিয়ে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই এ হুমকি দেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
টেলিভিশনে দেওয়া বক্তব্যে আলী আজমাই বলেন, ‘আমরা অপেক্ষা করছি, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালির প্রবেশমুখের দিকে এগিয়ে আসুক, যাতে আমরা সেগুলো ডুবিয়ে দিতে পারি।’ এ ধরনের সংঘাতের জন্য ইরানি বাহিনী সময় গুনছে বলেও মন্তব্য করেন তিনি। আজমাই দাবি করেন, নিজেদের ঝুঁকির কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের কাছে আসার সাহস করছে না। তিনি বলেন, ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন বিমানবাহী রণতরি হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার বা প্রায় ৪৩৫ মাইল দূরে সরে গেছে। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি দেখতে চায় হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, তাহলে তাদের মাঠে আসতে হবে এবং দেখতে হবে, এর নিয়ন্ত্রণ কার হাতে।’
ইরানি বাহিনীর হাতে ‘নিয়ম লঙ্ঘনকারী’ দুটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনার তথ্য রয়েছে বলেও জানান আজমাই। তার অভিযোগ, এসব ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক অংশীদাররা সংবাদমাধ্যমে তথ্য প্রকাশে বাধা দিচ্ছে। আলী আজমাইয়ের দাবি, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর আইআরজিসির নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, ওমান উপসাগরের নিয়ন্ত্রণে রয়েছে ইরানের নিয়মিত নৌবাহিনী। তিনি বলেন, হরমুজ প্রণালিতে আইআরজিসি ‘স্মার্ট নিয়ন্ত্রণ’ ব্যবস্থা পরিচালনা করছে। এর আওতায় ইরানে যাতায়াতকারী জাহাজগুলোকে ইরানের জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। যুদ্ধের শুরুর সময়ের তুলনায় বর্তমানে ইরানি বাহিনী আরও ভালোভাবে প্রস্তুত বলেও দাবি করেন তিনি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে বিরোধের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। তেহরানের দাবি, প্রণালির ইরানি জলসীমা দিয়ে চলাচলের ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। ইরান যেসব পথকে অননুমোদিত বলে বিবেচনা করে, সেগুলো ব্যবহার না করার জন্য জাহাজগুলোকে সতর্কও করেছে দেশটি। অন্যদিকে, ওয়াশিংটন এই জলপথে অবাধ নৌচলাচলের অধিকারের ওপর জোর দিয়ে আসছে। প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার ঘটনাও সামুদ্রিক উত্তেজনা বাড়িয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187367