নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের পেস বিভাগে উন্নতির নেপথ্যে বেশ কয়েকজন সাবেক কোচের ভূমিকা রয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালান ডোনাল্ডের নামটিও আসে। তাসকিন-শরিফুলদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে কাজ করে আসছেন। এবার ডোনাল্ড নতুন করে ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে ফিরছেন।

দক্ষিণ আফ্রিকার ওই প্রতিযোগিতায় জোবার্গ কিংসের বোলিং কোচ হয়েছেন ডোনাল্ড। ওই দলের প্রধান কোচের দায়িত্বে দেশটির আরেক সাবেক তারকা অলরাউন্ডার এলবি মরকেল। এর আগে জোবার্গ কিংসের প্রধান কোচ ছিলেন নিউজিল্যান্ড কিংবদন্তি স্টিফেন ফ্লেমিং। সম্প্রতি তিনি ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ডোনাল্ড মূলত জোবার্গে এরিক সাইমনসের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফ্লেমিংয়ের সঙ্গে সাইমনসও এখন ইংল্যান্ডে ফ্লেমিংয়ের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন। ২০০৪ সালে খেলা থেকে অবসর নেওয়ার পর থেকে ডোনাল্ড কোচিংয়ের ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পাশাপাশি তিনি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গেও কাজ করেছেন।

ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি লিগেও ডোনাল্ডের অভিজ্ঞতা রয়েছে। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ার, কেন্ট, জিম্বাবুয়ের মাউন্টেনিয়ার্স, ভারতের পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলের সঙ্গেও কাজ করেছেন। সর্বশেষ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের বোলিং কোচ ছিলেন ‘সাদা বিদ্যুৎ’ নামে খ্যাত সাবেক এই প্রোটিয়া তারকা। সম্প্রতি এসএ টোয়েন্টির আসন্ন পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে জোবার্গ সুপার কিংস তাদের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ২.৭ মিলিয়ন র‌্যান্ডের বিনিময়ে দলে ফিরিয়েছে। 

এছাড়া এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া অলরাউন্ডার জেসন রোলসের জন্য রেকর্ড সর্বোচ্চ ২.৯ মিলিয়ন র‌্যান্ড ব্যয় করেছে দলটি। ২০২৭ সালের ১৭ জানুয়ারি থেকে এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিগটিতে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে, তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187359