সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

গতকাল রোববার (১১ অক্টোবর) দুপুরে খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। 

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জেলেদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তারা সবাই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে দস্যুদের জিম্মিদশা থেকে চার জেলেকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশে জিম্মি করে রেখে নির্যাতন করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187134