চাঁদপুরে জেলেদের চাল চুরির অভিযোগে ইউপি কর্মকর্তা বরখাস্ত

চাঁদপুরে জেলেদের চাল চুরির অভিযোগে ইউপি কর্মকর্তা বরখাস্ত

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলের জন্য নির্ধারিত প্রায় ৫ টন চাল চুরি করে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

তিনি জানান, চাল জব্দের পর রবিবার (১১ অক্টোবর) রাতেই অভিযুক্ত ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করছে। ইতোমধ্যে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। তবে জিজ্ঞাসাবাদ চলাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম একটি মিনি ট্রাকে করে পাচারকালে সিএসডি গোডাউন থেকে চুরি হওয়া ৪ হাজার ৯৩০ কেজি চাল জব্দ করেন। এ সময় চাল বহনকারী মিনি ট্রাকটিসহ সংশ্লিষ্টদের আটক করা হয়। পরে উদ্ধার করা এই চাল চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউনে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করা হয়।

এদিকে চাল পরিবহনকারী ট্রাকের চালক শাহাদাত জানান, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউন থেকে চালগুলো নিয়ে তিনি কুমিল্লার লাকসামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ভাড়া নেওয়ার সময় তাকে চালের মালিকের পরিচয় জানানো হয়নি; কেবল বলা হয়েছিল লাকসাম পৌঁছালে মালিক নিজেই যোগাযোগ করবেন। তবে পথিমধ্যে হাজীগঞ্জ এলাকায় পৌঁছালে তাকে ফোন করে চালগুলো পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে বলা হয়। চাল বিক্রির টোকেনে ৪ হাজার ৯৩০ কেজি চালের উল্লেখ থাকলেও সেখানেও কোনো মালিকের নাম ছিল না বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেদের জন্য চাল বরাদ্দ দেয় সরকার। এর আওতায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য ১১ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই চাল বিতরণ করা হয়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187132