দল ঘোষণা বাংলাদেশের, চমক সাব্বির রহমান!

দল ঘোষণা বাংলাদেশের, চমক সাব্বির রহমান!
হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য ৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি।
 
আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ।

 
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের দুই ম্যাচে ভালো করে পরবর্তী পর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করতে চাইবে রনির দল।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, চার গ্রুপের শীর্ষ দলগুলো খেলবে মূল প্রতিযোগিতার সেমিফাইনালে। গ্রুপে দ্বিতীয় হওয়া দলগুলো জায়গা পাবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে এবং তৃতীয় স্থানে থাকা দলগুলো খেলবে বোল প্রতিযোগিতায়।
 
বাংলাদেশের ৭ সদস্যের স্কোয়াডে অধিনায়ক আবু হায়দার রনি ছাড়াও রয়েছেন সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।
 
উল্লেখ্য, ১২টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত এবং ‘ডি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, সাউথ আফ্রিকা ও ওমান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187131