সাতদিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সাতদিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে টানা সাতদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ও শুক্রবার সাপ্তাহিক ছুটি মোট সাতদিন এ  বন্দরের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন, ভারতের পক্ষ থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে বাংলাহিলি কাষ্টমস সিএন্ড এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

এদিকে, ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনও বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে টানা সাতদিন বন্ধ থাকার পর আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিকভাবে চালু হওয়ার কথা রয়েছে।

তবে এ সময়ে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস অফিসের দাপ্তরিক কার্যক্রম সরকারী ছুটি ব্যতিত চালু থাকবে এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু  থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187093