সুদান সীমান্তে স্বর্ণখনিতে ভয়াবহ বিমান হামলায় নিহত ৭২

সুদান সীমান্তে স্বর্ণখনিতে ভয়াবহ বিমান হামলায় নিহত ৭২

আন্তর্জাতিক ডেস্ক : সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুদানি সংস্থার সূত্রে আল জাজিরা জানিয়েছে, সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের ওই খনিতে হামলার পর চারিদিকে চরম বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা গেছে। হামলায় বেঁচে যাওয়া শ্রমিকদের বর্ণনায় উঠে এসেছে সেই মুহূর্তের ভয়াবহ চিত্র।

সুদানের যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার তথ্য নথিভুক্তকারী সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ এই হামলার জন্য মিশরীয় সামরিক বাহিনীকে দায়ী করেছে। খারতুমভিত্তিক অধিকার সংগঠনটি রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছে, ‘মিশরীয় যুদ্ধবিমানগুলো সুদানি ভূখণ্ডের অভ্যন্তরে উত্তর ওয়াদি এলাকায় বেসামরিক খনি শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

শনিবারের (১০ অক্টোবর) এই হামলার খবরটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। আর মিশর সরকারও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। স্বর্ণসমৃদ্ধ পাহাড়ি সীমান্ত অঞ্চল জাবাল আল-উকাইদাতে চলতি বছরে এটি দ্বিতীয় হামলা। এর আগে গত জুনে একই স্বর্ণখনির এলাকায় অনুরূপ বিমান হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। তখনও হামলার জন্য মিশরকে দায়ী করা হয়েছিল।

মিশরীয় সামরিক বাহিনী সেসময় জানিয়েছিল, নিজেদের সীমান্তের ভেতরে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে একটি ‘বড় পরিসরে অভিযান’ পরিচালনা করেছে তারা। সুদান ও মিশর সীমান্ত নিয়ে উভয় দেশের মধ্যে বিরোধ রয়েছে। দুই দেশই সম্পদসমৃদ্ধ হালায়েব ত্রিকোণ অঞ্চলের ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে। সূত্র : আল জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187088