নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া সেই ল্যাপটপ উদ্ধার

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া সেই ল্যাপটপ উদ্ধার

নাটোর প্রতিনিধি : অবশেষে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে অন্তর কুমার সাহা নামের এক যুবকের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর ও তার বাবা অমল কুমার সাহার সঙ্গে কথা বলছে পুলিশ। চুরির ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত পৌনে ১১টার দিকে নাটোর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এসময় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, ল্যাপটপ উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করে। নাটোর থেকে লালমনিরহাট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনে তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন কৌশলে ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে রোববার রাতে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় ল্যাপটপটির সন্ধান পাওয়া যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে অন্তর কুমার সাহার কাছ থেকে সেটি উদ্ধার করা হয়।

পুলিশের কাছে অন্তর কুমার সাহা দাবি করেন, গত বৃহস্পতিবার সকালে তার বাবা অমল কুমার সাহা নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি মাধনগর এলাকায় পৌঁছালে একটি বগির আসনের নিচে ব্যাগের মধ্যে ল্যাপটপটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান অমল। পরে তিনি সেটি নিয়ে নওগাঁয় শ্বশুরবাড়িতে যান। সেখানে ছেলেকে বিষয়টি জানানোর পর ল্যাপটপটি নিয়ে নাটোরে ফেরেন। এরপর পুলিশের দল কাপুড়িয়াপট্টি এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করে।

পুলিশ সুপার আরও জানান, ল্যাপটপ উদ্ধারের খবর জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। নিজের হারানো ল্যাপটপ ফিরে পাওয়ার খবরে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। অন্যদিকে, অমল কুমার সাহা ও তার ছেলে অন্তরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যেভাবে চুরি হয়েছিল পর্যটকের ব্যাগ 

এর আগে গত বুধবার দুপুরে বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবার। বিকেলে তিনি নাটোর রেলস্টেশনে পৌঁছান। সেখান থেকে অন্য একটি ট্রেনে চড়ে ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনে যাওয়ার পরিকল্পনা ছিল তার। নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে অবস্থানকালে প্রায় ২৫ বছর বয়সী এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ওই যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে পর্যটককে ট্রেনের টিকিট করে দেওয়ার প্রস্তাব দেন। একপর্যায়ে কৌশলে পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগটি নিয়ে পালিয়ে যান তিনি।

ব্যাগ হারিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সেটি না পেয়ে রেলস্টেশনেই কান্নায় ভেঙে পড়েন ওই পর্যটক। পরে তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করে এবং পর্যটককে নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেয়। পরে নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান কিরিল ল্যান্ডার উইবার। হারানো মালামালের সন্ধানে গত বৃহস্পতিবার তিনি নাটোর থেকে রাজশাহী রেলস্টেশনে যান। পরে সেখান থেকে ঢাকায় ফিরে আসেন।

অবশেষে পুলিশের অভিযানে তার ল্যাপটপ উদ্ধার হওয়ায় হারানো মালামাল ফিরে পাওয়ার আশা আরও জোরালো হলো। তবে ল্যাপটপ চুরির ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে জানান পুলিশ সুপার।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187074