কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে প্রশাসনের বিরুদ্ধে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স না মানা, বিরোধীদলের এমপিদের মূল্যয়ন না করা, বিভিন্ন কমিটিতে এমপিদের প্রতিনিধি রাখা, সারের ডিলারে নজিরবিহীন অনিয়ম এবং একটি দলের তোষামোদি করার অভিযোগ তুলে কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন রংপুর সদর—৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। এসময় তিনি জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কথা না শুনলে আন্দোলনে নামারও কথা বলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, শব্দ চয়নে সবাইকে সতর্ক থাকা উচিত। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক বসে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় অংশ নেন- রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, ১-আসনের এমপি রায়হান সিরাজী, ৫-আসনের এমপি গোলাম রব্বানী, ৬-আসনের এমপি নুরুল আমিন, মহানগর ও জেলা পুলিশসহ জেলার শীর্ষ কর্মকর্তারা।

সার ডিলারের নজির বিহীন দলীয়করণ প্রসঙ্গ টেনে এমপি বেলাল বলেন, সারের বিষয়ে একটা লজ্জাজনক ন্যক্কারজনক দলীয়করণ হয়েছে। এটা আমি তীব্র নিন্দা করছি। সমস্ত ডিলার একটা দল থেকে নেওয়া হয়েছে। প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হলো কেন? এখানে প্রকাশ্যে সারের ডিলার বিক্রি করা হয়েছে।

আপনারা সবাই জানেন যে এক নাম্বার তালিকা পূরণ করেছেন জেলা প্রশাসক মহোদয়। এক নাম্বার সিরিয়ালের লোকটাকেই সিলেকশন দেওয়া হয়েছে। হোয়াট ডাজ মিন! তার মানে ডিসি এক নাম্বারকে দিয়েছেন যেন এক নাম্বারই পাস করে এই জন্য দিয়েছেন। আমরা মনে করব ডিসি সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়াও নগরীর শ্যামাসুন্দরী খাল সংস্কার, যানজট নিরসন, বালু উত্তোলন বন্ধ, মাদক বিরোধী অভিযান জোরদার, ঢাকা কোচস্ট্যান্ড শহরের বাইরে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন এমপি বেলাল।  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, এখানে আবেগ তাড়িত হয়ে এত বড় ফোরামে অনেক কিছু আমরা বলেছি।

তবে আমার মনে হয় যে আমাদের সকল সদস্যকেই শব্দ চয়নের ক্ষেত্রে আরেকটু সতর্কভাবে কথা বলার দরকার আছে। কারণ এটি একটি জেলার সর্বোচ্চ ফোরাম। এখানে সকল সরকারি কর্মকর্তারা আছেন। আমরা কোন ভাষায় কি শব্দ বলব কোন জায়গায় বলব আমাদের সকলের খেয়াল রাখার সুযোগ আছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187062