পুরস্কার জয়ের মুহূর্তে রায়হান রাফীকে নিয়ে আবেগঘন বার্তা তমা মির্জার

পুরস্কার জয়ের মুহূর্তে রায়হান রাফীকে নিয়ে আবেগঘন বার্তা তমা মির্জার
বিনোদন ডেস্ক : একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে অভিনয়শিল্পীর দক্ষতার পাশাপাশি পরিচালকের ভাবনাও যে কতটা গুরুত্বপূর্ণ, সেটিই যেন মনে করিয়ে দিলেন অভিনেত্রী তমা মির্জা। ‘আমলনামা’য় অভিনয়ের জন্য পুরস্কার জিতে নিজের অর্জনের কৃতিত্ব দিলেন নির্মাতা রায়হান রাফীকে। পুরস্কার হাতে পাওয়ার আনন্দ ভাগ করে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাফীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
 
২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা। ‘আমলনামা’য় অভিনয়ের জন্য পাওয়া এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত অভিনেত্রী মনে করেন, চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে রায়হান রাফীর সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাফীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তমা লিখেছেন, ‘২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত। আমার আন্তরিক কৃতজ্ঞতা পরিচালক রায়হান রাফীর প্রতি, যার সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গি ‘আমলনামা’য় আমার চরিত্রটিকে এত সুন্দরভাবে জীবন্ত করে তুলেছে।’
 
পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তমা আরও লিখেছেন, তার ওপর আস্থা রাখা, চরিত্রটি নিয়ে কাজ করার স্বাধীনতা দেয়া এবং অভিনয়জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখার জন্য রাফীর প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে ‘আমলনামা’র পুরো দলের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তার ভাষায়, এই অর্জন সবসময় হৃদয়ে বিশেষ জায়গা দখল করে থাকবে।
 
পুরস্কার জয়ের আনন্দের মধ্যেও তমার এই স্বীকৃতিদানে উঠে এসেছে অভিনয়শিল্পী ও পরিচালকের সৃজনশীল সহযোগিতার গুরুত্ব। ‘আমলনামা’র চরিত্রে অভিনয়ের জন্য পাওয়া সম্মানকে তাই শুধু নিজের অর্জন হিসেবে দেখছেন না তিনি কৃতিত্ব ভাগ করে নিয়েছেন নির্মাতা ও পুরো দলের সঙ্গে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186996