নড়াইলে প্রাইভেটকার তল্লাশি করে মিলল ৫০ বোতল এস্কাফ, আটক ১
নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে মো. ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে আটক করা হয়।
আজ রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমরান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের মালিবাগ মোড়ে সদর থানা-পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটির গতিরোধ করে।
বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, চেকপোস্টে তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ৫০ বোতল এস্কাফ জব্দসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।