ফতুল্লায় সড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় মিলল তরুণীর মরদেহ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তর ভূঁইগড় এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধে তরুণীকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে ওই স্থানে ফেলে রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২৪ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। পিঠ ও গলায় আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো ছুরিকাঘাতের নয়। মুখে চড়-থাপ্পড়ের আঘাতের চিহ্নও দেখা গেছে। পরনে ছিল সালোয়ার-কামিজ।
পুলিশ জানায়, লিংক রোডের পাশে একটি বস্তার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতে তরুণীকে হত্যা করা হয়েছে। এরপর মরদেহ গুমের উদ্দেশে বস্তাবন্দি করে ওই স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186979