বার্সা’র রেকর্ড টানা অষ্টম জয়

বার্সা’র রেকর্ড টানা অষ্টম জয়

স্পোর্টস ডেস্ক : লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে টানা অষ্টম জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। একই সঙ্গে ২০১৩-১৪ মৌসুমের পর লা লিগায় নিজেদের সেরা শুরুর রেকর্ডেও ভাগ বসিয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম গোল করেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন।

ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরুর মাত্র ৭৮ সেকেন্ডেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ২৫ বছর বয়সী গর্ডন। ১৮ গজ দূর থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এরপর বার্সেলোনার দ্বিতীয় গোলেও অবদান ছিল গর্ডনের। তার তীব্র চাপের মুখে বলের নিয়ন্ত্রণ হারান গেতাফের ডিফেন্ডার জাইদ রোমেরো। সেই সুযোগে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে পড়েন গ্যাব্রিয়েল জেসুস। এরপর ভেতরে কাট করে নিচু শটে ৩০ মিনিটের মাথায় লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর ৭৩ মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকেরা। লামিনে ইয়ামালের বাঁকানো ক্রস থেকে বল পেয়ে জালে পাঠান জুলস কুন্দে। তাতেই ৩-০ গোলের জয় নিশ্চিত হয় বার্সেলোনার। গত মে মাসে নিউক্যাসল ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন গর্ডন। নতুন ক্লাবে নিজের প্রথম প্রতিযোগিতামূলক গোলটি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন এই ইংলিশ ফরোয়ার্ড। এই জয়ে আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে তারা।

২০১৩-১৪ মৌসুমে জেরার্ডো মার্তিনোর অধীনে লা লিগায় প্রথম আট ম্যাচ জিতেছিল বার্সেলোনা। এবার ফ্লিকের অধীনেও একই কীর্তি গড়ল দলটি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186950