নেত্রকোণা বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশু দুই ভাইয়ের
মফস্বল ডেস্ক : নেত্রকোণার কেন্দুয়ায় ভাইয়ের জীবন রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১১ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো-কাওয়ালীকান্দা গ্রামের মো. আব্দুস সাত্তারের দুই ছেলে, মুয়াজ (৭) এবং আরাফাত (৬)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির কাছেই খেলছিল দুই ভাই। খেলার একপর্যায়ে অসাবধানবশত একজন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে এবং স্পৃষ্ট হয়। এসময় ছোট ভাইকে বিপদগ্রস্ত দেখে বড় ভাই দ্রুত তাকে বাঁচাতে ছুটে যায়। কিন্তু তাকে উদ্ধার করতে গিয়ে সে নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।
ঘটনার সময় শিশুদের বাবা-মা কাছেই গোয়ালঘরে গরুর দুধ দোহাচ্ছিলেন। সন্তানদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান মর্মান্তিক এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহত দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186949