ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বাংলাদেশে জনপ্রিয়তার পাশাপাশি ওপার বাংলাতেও রয়েছে তার পরিচিতি। আজ ১১ অক্টোবর, এই অভিনেত্রীর জন্মদিন।
অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়ার এসকে লেনে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস।
তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। স্কুলজীবন থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নাচের সূত্র ধরেই অভিনয়জগতে পা রাখেন অপু বিশ্বাস।
২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপুর। পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করেন তিনি। ছবিটি ব্যবসাসফল হওয়ার পর দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে শাকিব-অপু জুটি। একই বছর এই জুটিকে নিয়ে নির্মিত হয় ‘পিতার আসন’, ‘চাচ্চু’ ও ‘দাদীমা’।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অপু বিশ্বাসকে। ২০০৭ সালে ‘মেশিনম্যান’ ও ‘কাবিননামা’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০০৮ ও ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আমাদের ছোট সাহেব’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘জান আমার জান’ ও ‘মনে বড় কষ্ট’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা ধরে রাখেন।
২০১০ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ‘নিঃশ্বাস আমার তুমি’ চলচ্চিত্র দুটি তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য এনে দেয়। একই সময়ে ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘টপ হিরো’, ‘পরান যায় জ্বলিয়া রে’ ও ‘প্রেম মানেনা বাঁধা’সহ একাধিক ছবিতে অভিনয় করেন তিনি।
২০১১ ও ২০১২ সালেও ব্যস্ত সময় পার করেন অপু। এ সময় মুক্তি পায় ‘কোটি টাকার প্রেম’, ‘কিং খান’, ‘আদরের জামাই’, ‘প্রিয়া আমার জান’, ‘এক টাকার দেনমোহর’, ‘এক মন এক প্রাণ’ ও ‘জিদ্দি মামা’র মতো চলচ্চিত্র। তার অভিনীত ছবিগুলোর মধ্যে বেশ কয়েকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে।
২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে পার্বতী চরিত্রে অভিনয় করে ভিন্নধর্মী ভূমিকায় দেখা দেন অপু বিশ্বাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে তার সহশিল্পী ছিলেন শাকিব খান ও মৌসুমী। একই বছর ‘মাই নেম ইজ খান’ ও ‘প্রেমিক নাম্বার ওয়ান’ ছবিতেও অভিনয় করেন তিনি। ‘মাই নেম ইজ খান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন অপু।
২০১৪ সালে ‘ভালোবাসা এক্সপ্রেস’, ‘সেরা নায়ক’, ‘দুই পৃথিবী’, ‘ডেয়ারিং লাভার’, ‘হিটম্যান’ ও ‘হিরো: দ্য সুপারস্টার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এ সময়ও শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন অপু বিশ্বাস।
ব্যক্তিজীবনেও নানা কারণে আলোচনায় ছিলেন অপু বিশ্বাস। ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে।
দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে ঢালিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন অপু বিশ্বাস। জন্মদিনে অপু বিশ্বাসের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186936