পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় ৮ প্রাণহানি, বন্দুকধারীও নিহত

পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় ৮ প্রাণহানি, বন্দুকধারীও নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও গুলিতে মারা গেছেন। পুলিশের ধারণা, ওই বন্দুকধারী নিজের শরীরে নিজেই গুলি চালিয়েছিলেন।

শনিবার (১০ অক্টোবর) পেনসিলভেনিয়ার এরি শহরে এ হামলার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

এরি শহরের পুলিশপ্রধান রিক লোরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ২৮ বছরেরও বেশি কর্মজীবনে আমি এমন কিছু কখনো দেখিনি। এমন ভয়ঙ্কর প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ এরি শহর এর আগে কখনো দেখেছে কি না, তা নিয়ে আমি সন্দিহান।

হামলার ঘটনার পর পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি এরির মেয়র ডারিয়া ডেভলিনকে তার প্রশাসনের পক্ষ থেকে ‘পূর্ণ সহায়তা’ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এখনো হামলার কারণ সুনির্দিষ্ট করে জানা যায়নি। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় সম্পর্কেও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি স্থানীয় পুলিশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186931