৩ লাখ চাকরিপ্রার্থীর ক্ষতির দায় সরকারকে নিতে হবে : এবি পার্টি

৩ লাখ চাকরিপ্রার্থীর ক্ষতির দায় সরকারকে নিতে হবে : এবি পার্টি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের ঘটনায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

প্রশ্নফাঁসের সিন্ডিকেট নির্মূল, নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের দাবিও জানিয়েছে দলটি।

শনিবার (১০ অক্টোবর) রাতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়, প্রায় তিন লাখ চাকরিপ্রার্থীর স্বপ্ন, শ্রম, সময় ও অর্থের ক্ষতির দায় সরকার এড়াতে পারে না।

নেতারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার তরুণ ধারদেনা করে, টিউশনির টাকা জমিয়ে ঢাকায় এসেছিলেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার আশায়। পরীক্ষার আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়লেও পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে তা বাতিলের ঘোষণা দেওয়া হয়। এটি নিছক প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং বিপুলসংখ্যক বেকার তরুণের ভবিষ্যতের প্রতি চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।

এবি পার্টির নেতারা বলেন, ২০০টির কিছু বেশি পদের বিপরীতে প্রায় তিন লাখ প্রার্থীর অংশগ্রহণ দেশের কর্মসংস্থান সংকটের নির্মম বাস্তবতা তুলে ধরে। প্রশ্নপত্রে সেট বা গ্রুপভিত্তিক বিকল্প ব্যবস্থা না থাকার বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে। তবে তদন্তের আগেই কাউকে অপরাধী সাব্যস্ত না করে প্রশ্নফাঁসের উৎস, নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা এবং সম্ভাব্য যোগসাজশের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে নিরপেক্ষভাবে শনাক্ত করতে হবে। সরকারি কর্মকর্তা, আমলা কিংবা রাজনৈতিক পরিচয়ধারী কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনতে হবে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186923