লালমনিরহাটে নষ্ট হওয়ার পথে দু’টি মূল্যবান ‘মাল্টিপারপাস রেসকিউ বোট’
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বন্যা আর নদীভাঙনে তিস্তাপাড়ের বিপন্ন মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বপ্ন নিয়ে কেনা হয়েছিল প্রায় দুই কোটি টাকা মূল্যের দু’টি আধুনিক ‘মাল্টিপারপাস রেসকিউ বোট’। অথচ দুর্যোগ কবলিত চরাঞ্চলের মানুষের ভরসা হওয়ার বদলে নৌযান দু’টি এখন নিজেই তিস্তার কাদা জলে বিলীন হতে বসেছে। চুরি হবার সম্ভাবনাও রয়েছে এর মূল্যবান যন্ত্রাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রেসকিউ বোট’ দু’টি হস্তান্তরের দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও দুর্গত মানুষের একটি উদ্ধার কাজেও আসেনি এ বোট দু’টি। উল্টো চরম তদারকির অভাব ও প্রশাসনিক উদাসীনতায় কোটি টাকার সরকারি সম্পদ এখন ধ্বংস স্তূপে পরিণত হচ্ছে।
সূত্র আরও জানায়, ২০২২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে লালমনিরহাটের চরাঞ্চলের মানুষের জানমাল রক্ষার জন্য ‘লালমনিরহাট বুড়িমারী-১’ ও ‘লালমনিরহাট বুড়িমারী-২’ নামের বিশেষায়িত দু’টি বোট বরাদ্দ দেওয়া হয়।
এরপর সদর উপজেলার ৭ নম্বর রাজপুর ইউনিয়নের জগৎবেড় এলাকার ৫ নম্বর স্পার বাঁধের পাশে বোট দু’টি নোঙর করে রাখা হয়। কিন্তু চার বছর ধরে কোনো উদ্ধার অভিযানে নামানো হয়নি এগুলোকে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকতে থাকতে বোটগুলোর ভেতরে পানি ও পলি বালু ঢুকে বর্তমানে তলিয়ে যেতে বসেছে এগুলো।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নদীবেষ্টিত এই জনপদে প্রতিবছর বন্যায় চরম দুর্ভোগ পোহাতে হলেও এই বোট দু’টি মানুষের কোনো কাজেই আসেনি। মাঝে মধ্যে কেবল লোকদেখানোভাবে ইঞ্জিন ঠিক আছে কিনা তা যাচাই করতে সামান্য সময়ের জন্য চালু করা হতো, এরপর আবারও ফেলে রাখা হতো সেই বাঁধের কিনারায়।
জগৎবেড় এলাকার বাসিন্দা ইসলাম আরী ক্ষোভ প্রকাশ করে বলেন, বোট দুটো এনে ফেলে রাখা হয়েছে, সরকার এগুলো নিয়ে যাচ্ছে না। এবারের বন্যায় এগুলো তো পানিতে তলিয়ে গেছে, কাদামাটি জমে ইঞ্জিন বিকল হয়ে গেছে। কোনোমতে দড়ি দিয়ে বাঁধা আছে, বাঁধন ছিঁড়লেই নদীগর্ভে তলিয়ে যাবে। আমরা চাই দ্রুত এগুলো উদ্ধার করা হোক।
এ বিষয়ে লালমনিরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, এবারের বন্যায় বোট দু’টি আংশিক তলিয়ে যায়। এগুলো পাহারা ও দেখভালের দায়িত্বে থাকা দু’জন কর্মচারীর বেতন-ভাতা সময়সীমা শেষ। বর্তমানে নিয়মিত রক্ষণাবেক্ষণে ঘাটতি তৈরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং শিগগিরই বোট দুটোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/186922